সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সর্বশেষ

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে উৎসবমুখর পরিবেশ

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ মে, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে উৎসবমুখর পরিবেশ

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে বেনাপোল বন্দরে এখন বইছে উৎসবের আমেজ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বন্দরের বিভিন্ন এলাকা, অফিস ও সড়কে দেখা যাচ্ছে ব্যানার, পোস্টার, ফেস্টুন ও ব্যাপক গণসংযোগ। এবারের নির্বাচনে দুটি শক্তিশালী পরিষদ অংশগ্রহণ করায় সাধারণ স্টাফ ও কর্মচারীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা আরও বেড়ে গেছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে “আমিরুল-বনি সমমনা পরিষদ” এবং “সবুর-সাজেদুর ঐক্য পরিষদ”। দুই পরিষদের প্রার্থীরাই ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বন্দর এলাকার বিভিন্ন স্থানে প্রার্থীদের সরব উপস্থিতি চোখে পড়ছে।

“আমিরুল-বনি সমমনা পরিষদ” থেকে মোট ২১ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন বদরুজ্জামান (বনি)। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, সহ-সভাপতি পদে মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে সাকিরুল ইসলাম শাকিল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম আসাদ, সাংগঠনিক সম্পাদক পদে আসানুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে রানা আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে “সবুর-সাজেদুর ঐক্য পরিষদ” থেকেও কর্মীদের অধিকার, ঐক্য ও সংগঠনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালানো হচ্ছে। এ পরিষদ থেকে সর্বমোট ১৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে সভাপতি পদে আব্দুস সবুর শেখ, সাধারণ সম্পাদক পদে সাজিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে রওশন আলী এবং সহ-সভাপতি পদে কামাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ স্টাফদের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা ও মতবিনিময়। ভোটাররা বলছেন, তারা এমন নেতৃত্ব চান যারা কর্মচারীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন এবং বিপদ-আপদে পাশে দাঁড়াবেন। চাকরির নিরাপত্তা, কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ, কল্যাণমূলক তহবিল বৃদ্ধি এবং সংগঠনের উন্নয়ন এখন ভোটারদের প্রধান দাবি হয়ে উঠেছে।

সমমনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম আসাদ বলেন, “আমরা নির্বাচিত হতে পারলে সাধারণ কর্মচারীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেব। যেকোনো বিপদ-আপদে কর্মীদের পাশে থাকব এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”

এদিকে দুই পরিষদের নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করছেন। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বেনাপোল বন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত নির্বাচন হিসেবে দেখছেন।

আগামী ১৩ মে ২০২৬ অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং কর্মচারীরা তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবেন। বেনাপোল বন্দরের সর্বস্তরের স্টাফদের মাঝে এখন একটাই আলোচনা—কে নেতৃত্ব দেবে আগামী তিন বছরের জন্য এই গুরুত্বপূর্ণ সংগঠনকে।