বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তবর্তী বেনাপোল এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ আলী জানিয়েছেন, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে বেনাপোলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
ওসি আরশাফ আলী বলেন, “সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। বেনাপোলেও কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করবে এবং ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে পরিচালিত হবে—এটাই বেনাপোল পোর্ট থানার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। কোনো অপরাধের তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
এদিকে বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণ পাড়ার বাসিন্দা মফিজুর রহমান (২৯), পিতা আলমগীর হোসেন, বেনাপোল পোর্ট থানার চলমান অপরাধবিরোধী কার্যক্রমের প্রশংসা করেছেন।
মফিজুর রহমান বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দৃশ্যমান তৎপরতা সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বাড়িয়েছে। পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে বেনাপোলে অপরাধ নিয়ন্ত্রণে আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, বেনাপোল পোর্ট থানার অপরাধবিরোধী তৎপরতা সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকলে বেনাপোলকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ সীমান্ত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন তারা।