বেনাপোল কাস্টমসে চাঞ্চল্য: ত্রাণ সহায়তার আড়ালে চোরাচালান, আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

বেনাপোল কাস্টমস হাউসের নিলাম শাখার গুদাম থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে পাঠানোর কথা বলে কোটি টাকার ভারতীয় পণ্য পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাস্টমসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে।
সোমবার (২২ জুন) গভীর রাতে বেনাপোল বাজারের বাহাদুরপুর সড়কের মুখে অভিযান চালিয়ে ‘ঢাকা মেট্রো-ট-২৪-৫৬২১’ নম্বরের একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। ট্রাকটি থেকে বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস, চাদর, কম্বল, ওড়না ও কসমেটিকস জব্দ করা হয়েছে।
আটকরা হলেন বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), চালক মো. মহসিন আলী (৩৪) ও হেলপার মো. জাহিদ হাসান (২১)। তাদের বিজিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র জানায়, গত ২১ মে কাস্টমসের নিলাম শাখা থেকে ৩ হাজার ২২টি শাড়ি, ৫৮টি থ্রি-পিস, ২০৮টি চাদর, ২৬৩টি কম্বল ও ৮টি ওড়না প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই পণ্যের আড়ালে অতিরিক্ত বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল একই ট্রাকে ঢাকায় পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।
বিজিবি ট্রাকটি আটকের পর কাস্টমস এলাকার ভেতরে থাকা আরেকটি ট্রাকও নজরদারিতে রাখা হয়। বর্তমানে জব্দকৃত পণ্যের তালিকা যাচাই ও মূল্য নির্ধারণের কাজ চলছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাস্টমস এলাকার ভেতর থেকে কীভাবে এসব পণ্য ট্রাকে তোলা হলো এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।