বেনাপোল কাগজপুকুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পিন্টু (৫০)–কে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তার মিজানুর রহমান পিন্টু কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬, ১০, ১১ ও ১২ ধারায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, বেনাপোল পৌরসভার কোথাও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান জোরদার করা হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মিজানুর রহমান পিন্টুর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।