বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন এর উদ্যোগে মশা নিধন কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

বাগেরহাটে ডেঙ্গুর ঝুঁকি বাড়ায় জনসচেতনতা বৃদ্ধি ও মশা নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাগেরহাট জেলা ছাত্রদল।
বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার বংশবিস্তারের আশঙ্কা বাড়ছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়দের সচেতন করতে এবং মশার বিস্তার নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন এলাকায় মশা নিধন ওষুধ (স্প্রে) ছিটানো হয়।
বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক **শেখ আল মামুনের উদ্যোগে** শহরের পুরাতন পুলিশ লাইন, নূর মসজিদ ও চালতেতলা এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর বিষয়ে সচেতন করা হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা **শামিম মুন্সি, আজিজুল ইসলাম আশিক, তানভীর হাওলাদার, তানভীর ইসলাম জিসান**সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম নয়, একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এজন্য সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান তারা।
উদ্যোক্তারা জানান, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।