সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড জরিপে নিয়োগে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে জুলাই যোদ্ধার লিখিত আবেদন

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড জরিপে নিয়োগে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে জুলাই যোদ্ধার লিখিত আবেদন

যশোরের ঝিকরগাছা উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, পক্ষপাতিত্ব ও জালিয়াতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাষ্ট্রীয় সংবর্ধনাপ্রাপ্ত ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধা মো. রাকিবুল ইসলাম রাকিব।

অভিযোগপত্রে রাকিবুল ইসলাম উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সারাদেশের মতো ঝিকরগাছা উপজেলায়ও ফ্যামিলি কার্ড জরিপের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তিনি ওই নিয়োগে আবেদন করে নির্ধারিত সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।

তার দাবি, পরীক্ষায় ভালো করায় তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন। তবে ফলাফল প্রকাশের পর চূড়ান্ত তালিকায় নিজের নাম না থাকায় তিনি হতাশ হন। পরবর্তীতে তিনি জানতে পারেন, মেধার ভিত্তিতে নয় বরং আগে থেকে করা সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়, সুপারভাইজার পদে নিয়োগপ্রাপ্তদের মধ্যে অনেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পদে রয়েছেন। এছাড়া মনিরুল ইসলাম নামে একজন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ না নিলেও চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন বলেও অভিযোগ করেন রাকিবুল ইসলাম।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড জরিপের মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হলে পুরো কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

এ কারণে নিয়োগ প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ এবং যোগ্য প্রার্থীদের স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগকারী আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বসহকারে ও নিরপেক্ষভাবে তদন্ত করবেন এবং অনিয়মের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ বা অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।