সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ

বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তালিমের সাক্ষাৎ

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তালিমের সাক্ষাৎ

বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

এরই অংশ হিসেবে আজ বেলা ৩টায় রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাগেরহাটবাসীর পক্ষ থেকে জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক আবেদন পেশ করা হয়।

সাক্ষাৎকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান এবং মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, বাগেরহাটে উন্নত চিকিৎসাসেবার সুযোগ থাকলেও একটি মেডিকেল কলেজ না থাকায় জেলার শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চিকিৎসা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্য জেলার ওপর নির্ভর করতে হয়। বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষার সুযোগও বাড়বে বলে তারা মনে করছেন।

ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন,“বাগেরহাটবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। আমরা আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”

এদিকে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে তালিমের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট মহলের ইতিবাচক উদ্যোগে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি বাস্তব রূপ পাবে।