সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সর্বশেষ

পরিবর্তনের বার্তা নিয়ে ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ নেতা মেহেদী হাসান

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

পরিবর্তনের বার্তা নিয়ে ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ নেতা মেহেদী হাসান

যশোরের বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।

স্থানীয়দের কাছে সততা, নিষ্ঠা ও পরোপকারী মনোভাবের জন্য পরিচিত মেহেদী হাসান বর্তমানে যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বেনাপোল পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন বলেও জানা গেছে।

মেহেদী হাসান বলেন, “দীর্ঘদিন ধরে বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড নানা দিক থেকে অবহেলিত ছিল। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সুবিধা, পরিচ্ছন্নতা ও তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমি জনগণের সেবক হয়ে এই ওয়ার্ডকে একটি আধুনিক, সুন্দর ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “আমি কাউন্সিলর নির্বাচিত হলে শুধু ৩ নম্বর ওয়ার্ড নয়, পুরো পৌরসভার মধ্যে এই ওয়ার্ডকে অন্যতম উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, যুব সমাজকে উন্নয়নের পথে সম্পৃক্ত করা এবং প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।”

এছাড়াও বাংলাদেশের অন্যতম বৃহৎ মন্দির বেনাপোল পাটবাড়ী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিক বসবাসের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সকল ধর্মের মানুষের জানমাল নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দেবেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, যেকোনো সংকট ও প্রয়োজনে মেহেদী হাসানকে পাশে পাওয়া যায়। তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের মন জয় করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।