নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে রোকনুজ্জামানের তীব্র নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

নাটোর: নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য-সচিব শাকিল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান।
এক প্রতিবাদ বার্তায় রোকনুজ্জামান বলেন, তৃণমূলের সাহসী কণ্ঠস্বর ও রাজপথের সক্রিয় সহযোদ্ধা শাকিল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, কোনো প্রভাবশালী মহলের হস্তক্ষেপে যেন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। অপরাধীর রাজনৈতিক, সামাজিক কিংবা পারিবারিক পরিচয় বিবেচনায় না নিয়ে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের মুখোমুখি করতে হবে।
প্রতিবাদ বার্তায় রোকনুজ্জামান আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। শাকিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পাশাপাশি ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা বা গড়িমসি মেনে নেওয়া হবে না। ন্যায়বিচার নিশ্চিত না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
প্রতিবাদ বার্তার শেষাংশে রোকনুজ্জামান নিহত শাকিল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।