সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ

ছাত্রদল মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকতে চায়: বাগেরহাটে জিপিএ-৫ পাওয়া দুই দরিদ্র শিক্ষার্থীকে সংবর্ধনা

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

ছাত্রদল মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকতে চায়: বাগেরহাটে জিপিএ-৫ পাওয়া দুই দরিদ্র শিক্ষার্থীকে সংবর্ধনা

বাগেরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রদল। একই সঙ্গে তাদের উচ্চশিক্ষা চালিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন।

শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় পৌর ছাত্রদলের দলীয় কার্যালয়ে শেখ আল মামুনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া দূর্জয় ঘরামী এবং বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া অরিত্র সরকারকে ক্রেস্ট, সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। তাদের পড়ালেখা চালিয়ে নিতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

সংবর্ধনা পেয়ে অরিত্র সরকার ও দূর্জয় ঘরামী বলেন, “শেখ আল মামুন ভাইয়ের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমরা আনন্দিত। আমাদের স্বপ্ন ভবিষ্যতে প্রকৌশলী হওয়া। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আমরা এই সাফল্য অর্জন করেছি। পড়ালেখা চালিয়ে যেতে সহযোগিতা পেলে আমাদের স্বপ্ন পূরণের পথ আরও সহজ হবে।”

বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, “দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অরিত্র ও দূর্জয় অনেক কষ্ট করে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করেছে। তারা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তাদের উচ্চশিক্ষার পথ সহজ করতে ছাত্রদল তাদের পাশে থাকতে চায়।”

তিনি আরও বলেন, “আমি নিজেও কষ্ট করে পড়ালেখা করেছি। তাই বড় ভাই হিসেবে তাদের পাশে থাকতে চাই। আজ যেভাবে পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও তাদের সহযোগিতা করার চেষ্টা করব। ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হাওলাদার বাবু, ছাত্রদল নেতা ওয়ালিদ হোসাইন, শামিম মুন্সি, সামির আহমেদ, রোহিত হালদার, আল আমিন শেখ, আদনান ফাহিম, রিজভী আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতা শেখ আল মামুন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের সাফল্যের খবর গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদেরও ধন্যবাদ জানান।